চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২
চাঁদপুরের তলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মকবুল-২ লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় মকবুল-২ লঞ্চ জব্দ এবং লঞ্চের দুই স্টাফকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মকবুল-২ লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে এসে ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পর মকবুল-২ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি জব্দ এবং দুজন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন। যুবক নিখোঁজের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে কোনো ডুবুরি বা বিশেষ উদ্ধারকারী দল পৌঁছায়নি।
তবে বেলতলী নৌপুলিশ, মোহনপুর নৌপুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের নিয়ে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন। স্থানীয় অধিবাসী সৈকত জানান, লঞ্চ চালকের ভুলের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পর পরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌপুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পর পরই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments
Post a Comment