গোবিন্দগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে কোটি টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পালিয়ে গেছে আরও ৮ থেকে ১০ জন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও এক নারী (৩০)।
বিজিবি জানায়, উদ্ধার করা দুটি মূর্তির মধ্যে একটি হলো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি। সীমান্ত পার করে ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তিগুলো সেখানে জড়ো করা হয়েছিল বলে দাবি করেছে বিজিবি।
এ ঘটনায় ২০ বিজিবির জেসিও মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Comments
Post a Comment