মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা। নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার ও তার পরিবারের সঙ্গে তাদের বিরোধ হয়।
এর জের ধরে শুক্রবার সকালে ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম তাদের পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। তাহমিনা আক্তারের অভিযোগ, হামলার সময় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হলে তার বাবা নজরুল ইসলাম খান ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় তার মা জহুরা বেগম ও বোন রুনা আহত হয়েছেন। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Comments
Post a Comment